ওবায়দুল কাদেরের মামলায় হাদির জবানবন্দি গ্রহণের আবেদন


শহীদ শরিফ হাদি। ছবি সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে প্রসিকিউশন হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবেদন করেছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২ বরাবর এই আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদি ইতিমধ্যেই জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন সেই জবানবন্দি গ্রহণের জন্য আদালতের অনুমতি চেয়েছে। বিষয়টি নিয়ে শিগগিরই ট্রাইব্যুনাল-২-এ শুনানি হবে।
মামলায় মোট সাতজন আসামি রয়েছে, যারা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পদে আছেন। তবে সকলেই পলাতক। অন্য আসামিদের মধ্যে আছেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রসিকিউশন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন সূচনা বক্তব্যের মাধ্যমে। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক। তার অবশিষ্ট জবানবন্দি আজ গ্রহণ করার কথা রয়েছে।
এ মামলার প্রসিকিউশনের আনা অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা জুলাই-আগস্ট আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ বিভিন্ন বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেছেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণে তাদের ভূমিকা ছিল। এসব কর্মকাণ্ডের ফলে দেশে হত্যা, হত্যাচেষ্টা এবং ব্যাপক সহিংসতা সংঘটিত হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।










