বাংলাদেশে নিপা ভাইরাসে একজনের মৃত্যু, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার


নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।। ছবি সংগৃহীত
বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি উদ্বেগজনক হলেও আন্তর্জাতিক পর্যায়ে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি বর্তমানে কম রয়েছে।
ডব্লিউএইচওর এক বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ৪০ থেকে ৫০ বছর বয়সী এক নারী গত জানুয়ারিতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন পরীক্ষাগারে তার দেহে নিপা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি জানায়, ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস ন্যাশনাল ফোকাল পয়েন্ট (আইএইচআর এনএফপি) আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচওকে এ সংক্রমণের বিষয়ে অবহিত করে। এরপর বিষয়টি আন্তর্জাতিক স্বাস্থ্য নজরদারির আওতায় আনা হয়।
ডব্লিউএইচওর প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্ত নারীর ২১ জানুয়ারি জ্বর ও স্নায়বিক উপসর্গ দেখা দেয়। তার সাম্প্রতিক কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস পাওয়া যায়নি। তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা নিপা ভাইরাস সংক্রমণের একটি পরিচিত ঝুঁকিপূর্ণ উৎস হিসেবে বিবেচিত।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগীর সংস্পর্শে আসা মোট ৩৫ জনকে শনাক্ত করে পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত তাদের মধ্যে নতুন কোনো নিপা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডব্লিউএইচও বলছে, বাংলাদেশে অতীতেও নিপা ভাইরাসের বিচ্ছিন্ন সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে দ্রুত শনাক্তকরণ, সংস্পর্শে আসাদের নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে বড় ধরনের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব হয়েছে। সংস্থাটি সতর্কতা বজায় রাখার পাশাপাশি কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।








