জাপানের নিম্নকক্ষ নির্বাচনে শুরু হলো ভোটগ্রহণ


জাপানে জাতীয় নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত ভোটাররা। ছবি: সংগৃহীত
জাপানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। এই নির্বাচনের মাধ্যমে দেশটির পরবর্তী সরকার গঠন ও প্রধানমন্ত্রী সানাই তাকাচির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।
এবারের নির্বাচনে জাপানের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট ৪৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ২৮৪ জন প্রার্থী। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাচি গত বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার সময় তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছিল খুবই সামান্য ব্যবধানে। শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যেই তিনি মেয়াদের শুরুতেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
এই নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জাপান ইনোভেশন পার্টি। বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে, এলডিপিই সবচেয়ে বেশি আসন পেতে পারে, যদিও চূড়ান্ত ফলের জন্য ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আজ রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপরই শুরু হবে ভোট গণনা, যা শেষ হতে সারারাত লেগে যেতে পারে। নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯টি আসনে সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হবেন এবং বাকি ১৭৬টি আসন ১১টি আঞ্চলিক ব্লকে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টন করা হবে।








