নাইজেরিয়ায় গির্জায় হামলা: ১৬৩ জন পুণ্যার্থী অপহরণ


নাইজেরিয়ায় সশস্ত্র হামলা: গির্জা থেকে শতাধিক মানুষ অপহৃত। ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় দুটি গির্জা থেকে অন্তত ১৬৩ জন পুণ্যার্থীকে অপহরণ করা হয়েছে। গত রোববার সাপ্তাহিক প্রার্থনা চলাকালে এই ভয়াবহ ঘটনা ঘটে।
সোমবার (১৯ জানুয়ারি) এক যাজক বার্তা সংস্থা এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেন। খবরটি প্রকাশ করেছে ডয়চে ভেলে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রধান রেভারেন্ড জোসেফ হায়াব বলেন, হামলাকারীরা বিপুল সংখ্যায় এসে গির্জার সব প্রবেশপথ ঘিরে ফেলে। এরপর অস্ত্রের মুখে পুণ্যার্থীদের পাশের ঝোপঝাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, হামলার সময় মোট ১৭২ জনকে অপহরণ করা হয়েছিল। এর মধ্যে ৯ জন পালিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে ১৬৩ জন এখনও অপহরণকারীদের জিম্মায় রয়েছেন।
এদিকে, স্থানীয় গ্রামপ্রধান ইশাকু দানআজুমি জানান, ওই দিন কুরমিন ওয়ালি গ্রামের তিনটি গির্জা থেকে মোট ১৬৬ জনকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন,
“শুধু রাজনীতিবিদরাই এই অপহরণের ঘটনা অস্বীকার করার চেষ্টা করছেন, অথচ সাধারণ মানুষই এর শিকার হচ্ছে।”
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠী ও অপহরণ চক্রের তৎপরতা বেড়ে চলেছে। নিরাপত্তা দুর্বলতার কারণে প্রায়ই গির্জা, স্কুল ও গ্রামগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।










