ভারতের ওপর শুল্ক ৩২ শতাংশ কমালেন ট্রাম্প


ট্রাম্প ভারতের ওপর শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন, যা রপ্তানিতে বড় সুবিধা বয়ে আনবে। ছবি: সংগৃহীত
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য আলোচনার ফলস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরোপিত শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। এটি ভারতের রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর প্রযোজ্য শুল্ক ৫০ শতাংশ (কিছু ক্ষেত্রে ২৫ শতাংশ) থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানিয়ে ট্রাম্প এই ঘোষণা দেন।
এই পদক্ষেপের ফলে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যগুলো মার্কিন বাজারে কম শুল্কে প্রবেশ করতে পারবে। নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্র ও অর্থনীতি একসাথে কাজ করলে তা মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য ও কয়লা আমদানি করবে। ট্রাম্প উল্লেখ করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে আমদানি বাড়াবে। তবে ভারতের পক্ষ থেকে রুশ তেল ও ৫০০ বিলিয়ন ডলারের কেনাকাটার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।
এই ঘোষণাকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়েল চুক্তিটিকে ‘উইন-উইন’ অবস্থা হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস এই চুক্তি সম্পর্কে সমালোচনা করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
ভারত ও যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি রপ্তানিকারকদের জন্য সুসংবাদ বয়ে আনছে, এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস্।









