আজকের স্বর্ণের দাম: ভরিতে বেড়েছে ২,২১৬ টাকা

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:১৫ এএম
স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে সমন্বিত নতুন দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে বড় কোনো পরিবর্তন আসেনি। বাজুসের তথ্যমতে, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা অব্যাহত থাকলে সামনে দেশের বাজারেও দামের আরও পরিবর্তন হতে পারে। তাই স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাদের বাজার পরিস্থিতি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।