সুদহার অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি


গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকে নতুন মুদ্রানীতি ঘোষণা করছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে আগের নীতির ধারাবাহিকতায়। সুদহারে কোনো পরিবর্তন আনা হয়নি। মূল লক্ষ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা ছাড়া বাকি সূচকগুলোতে নীতি সফল হয়েছে। আমরা খুব ভালো করেছি, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছি। আশা করি এটি শিগগিরই কমবে।”
তিনি সতর্ক করে বলেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে-স্কেল বা নীতি বাস্তবায়ন করলে সরকারের ওপর ব্যাংক ঋণের বোঝা বাড়তে পারে এবং এর ফলে মূল্যস্ফীতি উসকে দেওয়া সম্ভাবনা থাকে।
গভর্নর জানান, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। বাজেটে কাটছাঁট সত্ত্বেও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রয়োজন রয়েছে।
ড. আহসান মনসুর বলেন, চলতি অর্থবছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি। চার বছরের মধ্যে আইএমএফ যে ঋণ দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণে রিজার্ভে ডলার সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, পলিসি রেট কমানো হবে না কারণ রিজার্ভ ভালো অবস্থানে রয়েছে। গত অগাস্ট থেকে আইএমএফ-এর শর্ত অনুযায়ী রিজার্ভ নিশ্চিত করা হয়েছে। গভর্নর বলেন, “আগে কখনো যা হয়নি, এখন তা সম্ভব হয়েছে।”









