পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পে-স্কেল ও মুদ্রানীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারের ওপর ব্যাংক ঋণের বোঝা আবারও বৃদ্ধি পেতে পারে। তিনি সতর্ক করে বলেন, এর ফলে মূল্যস্ফীতি উসকে দিতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে গভর্নর এসব মন্তব্য করেন।
ড. আহসান মনসুর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম। সরকার বাজেটে কিছু কাটছাঁট করলেও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের প্রয়োজন রয়েছে।
গভর্নর আরও বলেন, চলতি অর্থবছরে বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে এবং গত এক বছরে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি। তিনি জানান, চার বছরের মধ্যে আইএমএফ যে ঋণ দেয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণে রিজার্ভে ডলার সংগ্রহ করা হয়েছে।
মুদ্রানীতি নিয়ে তিনি মন্তব্য করেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও বাকি সূচকগুলোতে নীতি সফল হয়েছে। গভর্নর আশাবাদ ব্যক্ত করে বলেন, “অর্থনীতির বিশ্ব পূর্বাভাস অনুযায়ী সামনের দিনগুলোতে অর্থনীতি আরও ভালো করবে, তাই মূল্যস্ফীতিও কমবে।”
একই সঙ্গে তিনি বলেন, শুধু একটি লক্ষ্য অর্জিত হয়নি বলেই পলিসি রেট কমানো হবে না। রিজার্ভ ভালো অবস্থানে রয়েছে এবং গত অগাস্ট থেকে আইএমএফ-এর শর্ত অনুযায়ী তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, “আগে কখনো যা হয়নি, এখন তা সম্ভব হয়েছে।”









