ফোন হারালেও দূর থেকে যেভাবে ছবি-ভিডিও ডিলিট করবেন


ফোন হারালেও চিন্তা নেই। অ্যান্ড্রয়েড ও আইফোনে রিমোটলি ছবি-ভিডিও ও ব্যক্তিগত ডাটা ডিলিট করার সহজ ও নিরাপদ উপায় জেনে নিন। ছবি: সংগৃহীত
স্মার্টফোন এখন আর শুধু কল বা মেসেজের মাধ্যম নয়; এতে সংরক্ষিত থাকে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংবেদনশীল তথ্য। ফলে ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়ায় ডেটার নিরাপত্তা। তবে প্রযুক্তির সুবিধায় ফোন হাতে না থাকলেও দূর থেকেই এসব তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই ক্ষেত্রেই নির্দিষ্ট সেবার মাধ্যমে হারানো ফোনের সব ডাটা রিমোটলি ডিলিট করা যায়। এর জন্য ফোনে আগে থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লগইন এবং ইন্টারনেট সংযোগ চালু থাকা প্রয়োজন।
অ্যান্ড্রয়েড ফোন হারালে গুগলের Find My Device সেবা সবচেয়ে কার্যকর। অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজারে Find My Device চালু করে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর হারানো ডিভাইসটি নির্বাচন করে ‘Erase Device’ অপশনে ক্লিক করলেই ফোনে থাকা ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য স্থায়ীভাবে মুছে যাবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অ্যাপলের Find My iPhone ফিচার। আইক্লাউডে অ্যাপল আইডি লগইন এবং এই ফিচারটি সক্রিয় থাকলে অন্য ডিভাইস থেকে iCloud.com-এ প্রবেশ করে ‘Find Device’ অপশন বেছে নেওয়া যায়। সেখানে হারানো আইফোন নির্বাচন করে ‘Erase iPhone’ চাপলে ডিভাইসের সব ব্যক্তিগত তথ্য ডিলিট হয়ে যাবে।
বিশেষজ্ঞদের মতে, আগে থেকেই গুগল ফটোস বা আইক্লাউডে ব্যাকআপ চালু থাকলে দুশ্চিন্তা আরও কমে। ফোনের ডাটা মুছে গেলেও ক্লাউডে সংরক্ষিত ছবি-ভিডিও নিরাপদ থাকে এবং নতুন ফোনে একই অ্যাকাউন্টে লগইন করলেই তা ফেরত পাওয়া যায়।
ফোন হারানোর পর দ্রুত গুগল বা অ্যাপল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইল অ্যাকাউন্ট থেকে লগআউট করা, মোবাইল ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ করা এবং সিম কার্ড ব্লক করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সবশেষে তারা বলছেন, আগাম সতর্কতাই সবচেয়ে কার্যকর সুরক্ষা। নিয়মিত ক্লাউড ব্যাকআপ রাখা, শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার করা এবং Find My Device বা Find My iPhone ফিচার সক্রিয় রাখলে ফোন হারালেও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সম্ভব।










