বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে সতর্ক করল আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:২৬ এএম
টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির পাশে আইসিসির লোগো ও পাকিস্তান-ভারত দলের প্রতীকী সংগৃহীত ছবি।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির পাশে আইসিসির লোগো ও পাকিস্তান-ভারত দলের প্রতীকী সংগৃহীত ছবি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটালেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকারের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেলেও ভারত ম্যাচে না খেলার অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে পিসিবি। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে একই সঙ্গে সরকার ও পিসিবি স্পষ্ট করেছে যে, তারা পুরো বিশ্বকাপ থেকে সরে যাচ্ছে না এবং টুর্নামেন্টে অংশ নেবে।

এ বিষয়ে আইসিসি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, বৈশ্বিক টুর্নামেন্টে সব দলকে সমান নিয়ম ও সুযোগের ভিত্তিতে খেলতে হয়। একটি বিশ্বকাপে কোনো নির্দিষ্ট ম্যাচ বয়কট করা স্বাভাবিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও ইঙ্গিত দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির বিবৃতিতে বলা হয়, তারা সদস্য দেশগুলোর সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক হবে না এবং এটি পাকিস্তানসহ বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর জন্য হতাশার কারণ হতে পারে।

পাকিস্তানকে সতর্ক করে আইসিসি আরও জানায়, এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি ও উল্লেখযোগ্য প্রভাব পাকিস্তানের নিজস্ব ক্রিকেট কাঠামোর ওপর পড়তে পারে। কারণ, এর ফলে সামগ্রিক বিশ্ব ক্রিকেট ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যার অংশীদার ও সুবিধাভোগী হিসেবে পিসিবিও যুক্ত।

আইসিসি স্পষ্ট করে জানায়, তাদের প্রধান লক্ষ্য হলো আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা। এই দায়িত্ব পিসিবিসহ সব সদস্য দেশেরই। আইসিসি প্রত্যাশা করছে, পিসিবি এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের দিকে এগোবে, যা সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করবে।