সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:১০ এএম
ভারতের বিপক্ষে গোল উদ্‌যাপন করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে গোল উদ্‌যাপন করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার পোখরার স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে টুর্নামেন্টে টানা দুই জয়ে শীর্ষ অবস্থান আরও শক্ত করল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভারতকে। প্রথম ১৫ মিনিটে তারা কয়েকটি আক্রমণ সাজালেও বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম দৃঢ়তায় প্রতিরোধ গড়ে তোলেন। নবম মিনিটে তার দুর্দান্ত রিফ্লেক্স সেভে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় ভারতের।

প্রথম ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৯তম মিনিটে ডান দিক থেকে নেওয়া একটি ফ্রি-কিক থেকে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ পায়ে নেওয়া শটটি ভারতীয় গোলরক্ষক মুন্নি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে রিবাউন্ড থেকে দ্রুত প্রতিক্রিয়ায় বল জালে পাঠান দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন মুনকি আখতার। টাচলাইনের কাছ থেকে দেওয়া তার নিখুঁত ক্রস দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় আলপি আক্তারের পায়ে। প্রথম স্পর্শেই দারুণ ফিনিশে গোল করেন তিনি।

চলতি নারী ফুটবল লিগ ২০২৫–২৬ মৌসুমে রাজশাহী স্টার্সের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি আক্তার এই টুর্নামেন্টেও নিজের ছন্দ ধরে রেখেছেন। সাফ অনূর্ধ্ব-১৯ আসরে তিনি ও মুনকি আখতার দুজনই এখন পর্যন্ত চারটি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন।

৩৭তম মিনিটে বাংলাদেশ প্রথম পরিবর্তন আনে। মামণি চাকমার জায়গায় মাঠে নামেন শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধে সৌরভী আখন্দ প্রীতি চোট পেলে তার বদলে খেলতে নামেন মমিতা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও নিয়ন্ত্রিত খেলায় ভারতের আক্রমণ ঠেকিয়ে রাখে বাংলাদেশ।

দুই ম্যাচে দুই জয়ে আত্মবিশ্বাসে ভর করে বাংলাদেশ এখন শেষ রাউন্ড-রবিন ম্যাচে মাঠে নামবে বুধবার। সেদিন স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে পিটার বাটলারের দল। সেই ম্যাচেই নির্ধারিত হতে পারে গ্রুপ পর্বে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান।