বিশ্বকাপ ফুটবল ২০২৬ ম্যাচের টিকিটে রেকর্ড ৫০ কোটি আবেদন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:১০ পিএম
বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ ৪৮ দলের বিশ্বকাপ ২০২৬, আয় হতে পারে ১১ বিলিয়ন ডলার। ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ ৪৮ দলের বিশ্বকাপ ২০২৬, আয় হতে পারে ১১ বিলিয়ন ডলার। ছবিঃ সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর টিকিট ঘিরে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিতব্য এই আসরের প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে মাত্র চার সপ্তাহে ৫০ কোটি ৮০ লাখ আবেদন জমা পড়েছে বলে তিনি দাবি করেন। সম্প্রতি সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। যদিও নিউইয়র্ক টাইমস বলেছে, এই সংখ্যার স্বাধীন যাচাই সম্ভব হয়নি।

ইনফান্তিনোর ভাষ্য অনুযায়ী, জানুয়ারিতে শুরু হওয়া মূল বিক্রয় পর্বে ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে। তার দাবি, ১০৪টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বা হয়ে যাবে। তবে পরে ফিফার একটি সূত্র জানায়, কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত রয়েছে এবং সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে—এমন বক্তব্য পুরোপুরি সঠিক নয়।

টিকিটের উচ্চমূল্য নিয়েও চলছে আলোচনা। সম্প্রতি ফিফা টিকিটের দাম প্রকাশ করলে সমর্থকদের একটি অংশ তা অতিরিক্ত বলে সমালোচনা করে। পুনঃবিক্রয় সাইটগুলোতেও ইতোমধ্যে রেকর্ড দামে টিকিট বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, “যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজন হওয়ায় চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডাইনামিক প্রাইসিং পদ্ধতি চালু থাকায় দাম কমবেশি হতে পারে।”

অন্যদিকে, বিপুল আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু সমালোচক। তাদের আশঙ্কা, বিপুল সংখ্যক আবেদন ‘বট’ বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে করা হয়ে থাকতে পারে। তবে ফিফা এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, প্রতিটি আবেদন স্বতন্ত্রভাবে যাচাই করা হয়েছে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৬। ইনফান্তিনোর মতে, এই আসর থেকে ফিফার আয় প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে। তার দাবি, এই অর্থ সংস্থার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

এছাড়া আয়োজক দেশগুলোর অর্থনীতিতে প্রায় ৩০ বিলিয়ন ডলারের প্রভাব পড়তে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ দর্শক সরাসরি স্টেডিয়ামে খেলা দেখবেন এবং ২ থেকে ৩ কোটি পর্যটক সফর করবেন বলে আশা করা হচ্ছে। এতে প্রায় ১ লাখ ৮৫ হাজার স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল ২০২৬ ঘিরে বৈশ্বিক আগ্রহ যে তুঙ্গে, তা স্পষ্ট।