Something went wrong

গোপনীয়তা ভঙ্গের মামলায় গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার জরিমানা

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:০৯ এএম
গুগল।ছবি: সংগৃহীত

গুগল।ছবি: সংগৃহীত

ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের রায়ে বলা হয়েছে, গুগলকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) পরিশোধ করতে হবে।

সান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে চলমান মামলায় অভিযোগ আনা হয়েছিল, গুগল দীর্ঘ আট বছর ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে। যদিও ব্যবহারকারীদের অনেকেই তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং বা নজরদারি ফিচার বন্ধ রেখেছিলেন।

বাদীপক্ষের দাবি ছিল, গুগলের এই তথ্য সংগ্রহ তাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নীতিমালা ভঙ্গ করেছে এবং সরাসরি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের শামিল। আদালত তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে গুগলকে দায়ী করেছে। তবে বিচারকরা জানিয়েছেন, গুগল ইচ্ছাকৃত বিদ্বেষ দেখায়নি, তাই কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি।

প্রথমে বাদীপক্ষ ৩১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি করলেও শেষ পর্যন্ত আদালত ৪২৫ মিলিয়ন ডলার ধার্য করেছে। এ বিষয়ে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তার দাবি, আদালত গুগলের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি।

গুগল আরও জানিয়েছে, যেসব তথ্য সংগ্রহ করা হয়েছে তা ব্যক্তিগত নয়, বরং ছদ্মনাম ব্যবহার করে এনক্রিপটেড ও আলাদাভাবে সংরক্ষিত। ফলে এগুলো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তবে বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস বলেছেন, রায় প্রমাণ করেছে গুগল ব্যবহারকারীর আস্থার সঙ্গে প্রতারণা করেছে।

এই ক্লাস-অ্যাকশন মামলা প্রথমে ২০২০ সালের জুলাইয়ে দায়ের করা হয়। পরবর্তীতে এটি ৯৮ মিলিয়ন ব্যবহারকারী ও ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করে অনুমোদিত হয়। অভিযোগ অনুযায়ী, গুগল বিভিন্ন জনপ্রিয় অ্যাপ যেমন উবার, ভেনমো ও ইনস্টাগ্রামের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে আসছিল।

Advertisement
Advertisement