ঢাকায় কোনো সিট দেব না—জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের বক্তব্যে বিতর্ক

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ১০:০৪ এএম
নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে কথা বলছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ছবি সংগৃহীত

নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে কথা বলছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ছবি সংগৃহীত

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ঢাকায় কোনো সিট দেব না, সব সাইজ হয়ে যাবে।” নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে ডা. খালিদুজ্জামান বলেন, সারা দেশে জামায়াত ও শিবিরের শক্ত অবস্থান রয়েছে এবং আসন্ন নির্বাচনকে তিনি “ঈদের মতো” হবে বলেও উল্লেখ করেন। বক্তব্যে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কিছু নেই এবং পরিস্থিতি তাদের অনুকূলে থাকবে বলে দাবি করেন।

ভিডিওতে আরও দেখা যায়, তিনি গুলশানে একটি সম্ভাব্য সংবাদ সম্মেলনের কথাও উল্লেখ করেন। কর্মীদের নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, আসরের নামাজ সেখানেই আদায় করতে। তার বক্তব্যের ভাষা ও ভঙ্গি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

এই বক্তব্যের মধ্যেই ডা. এসএম খালিদুজ্জামানের বিরুদ্ধে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্য পরিচালনার অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সোমবার (১৯ জানুয়ারি) কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে তাকে কারণ দর্শাতে বলা হয়।

বিএমডিসির অভিযোগ অনুযায়ী, খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করেছেন, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়। কাউন্সিল বলছে, স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার শামিল এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর পরিপন্থি।

নোটিশে সংশ্লিষ্ট আইনের ধারা ১৩ ও ২৯ উদ্ধৃত করে বলা হয়েছে, কাউন্সিলের স্বীকৃতি ছাড়া কোনো চিকিৎসা-শিক্ষা যোগ্যতা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে খালিদুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ডা. এসএম খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি। তার দাবি, অভিযোগটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, বিষয়টি যাচাই করলে সত্যতা পাওয়া যাবে।

বর্তমানে একদিকে তার রাজনৈতিক বক্তব্য, অন্যদিকে চিকিৎসা পেশা সংক্রান্ত শোকজ নোটিশ—দুই বিষয় মিলিয়ে ডা. খালিদুজ্জামানকে ঘিরে বিতর্ক আরও তীব্র হচ্ছে।