জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা শুরু

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৬ এ ৯:২১ এএম
মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর জনসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি। ছবি: সংগৃহীত

মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর জনসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি। ছবি: সংগৃহীত

১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দলটির নির্বাচনি প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. শফিকুর রহমান। জনসমাবেশে তিনি নির্বাচন, রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নির্বাচনি আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই সব দলের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিধি অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

এই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর আজকের জনসমাবেশকে দলটির নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনি সময়সূচি অনুযায়ী প্রচারণা শুরুর প্রথম দিনেই জনসমাবেশের মাধ্যমে মাঠে নামল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, এই প্রচারণা নির্বাচনি মাঠে তাদের অবস্থান আরও দৃঢ় করবে।