জেন-জিরা ৭২-এর সংবিধান চায় না—সংসদে হান্নান মাসউদ

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৩০ মার্চ, ২০২৬ এ ৩:৩৭ এএম
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দাবি করেছেন, বর্তমান প্রজন্ম বা জেন-জি ১৯৭২ সালের সংবিধান আর চায় না। রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি নিজেকে জেন-জি প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার বহু বছর পর জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।

হান্নান মাসউদ বলেন, “জেন-জিরা জানতে চায়, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নিয়েও তারা কেন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।” তিনি আরও বলেন, পূর্বসূরিদের আত্মত্যাগের মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও বর্তমান প্রজন্ম সেই নিরাপত্তা পুরোপুরি পায়নি বলে তাদের মধ্যে হতাশা রয়েছে।

নিজ নির্বাচনী এলাকা হাতিয়ার নদীভাঙন সমস্যা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় তার গাড়িবহরে হামলা হয়েছিল। সরকার দলীয় এমপিদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, “আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা আজ ক্ষমতায়।” নির্বাচনের পরও হামলার শিকার হয়েছেন দাবি করে তিনি এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে অতীতে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান ও ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যেন না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা চান।

নারী নির্যাতনের একটি ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও ডিএনএ প্রতিবেদন পাওয়া যায়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা।

এদিকে একই আলোচনায় বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আবদুল আজিজ ও মোহাম্মদ আব্দুল মালিকও বক্তব্য রাখেন। সংসদে উত্থাপিত এসব বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।