হামে ৩৮ শিশুর মৃত্যু, স্বাস্থ্যখাত নিয়ে প্রশ্ন তুলল জামায়াত


হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।
দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে ৩২ শিশুর মৃত্যু হয়েছে। আর চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৬ শিশুর প্রাণহানির তথ্য পাওয়া গেছে, যা অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
তিনি আরও অভিযোগ করেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের দুর্বলতা ও অব্যবস্থাপনাই এ অবস্থার জন্য প্রধানত দায়ী। তার মতে, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের কারণে সামগ্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে স্বাস্থ্যখাতে লুটপাট ও দুর্নীতির কারণে চিকিৎসা ব্যবস্থার মান ক্রমাগত অবনতি হচ্ছে। এর ফলে শিশুদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাম প্রতিরোধে প্রয়োজনীয় টিকাদান কর্মসূচি জোরদার করা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
বর্তমান পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে।










