লন্ডনে হাসনাতের সভাকে ঘিরে আ.লীগের প্রতিবাদ, ডিম নিক্ষেপ, আটক ৩


লন্ডনের রমফোর্ড এলাকায় সভাস্থলে যাওয়ার সময় কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় তার সভাস্থলের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীরা। অন্যদিকে এনসিপির সমর্থকরাও সভাস্থলের আশপাশে অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একপর্যায়ে এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে পুলিশ তিনজনকে আটক করে।
স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীরা একটি পার্ক এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। পরে তিনি কাছাকাছি একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন বলে ভিডিওতে দেখা যায়।
আরও কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। এরপর তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচায়ক এবং গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।










