মোখলেস উর রহমানকে সচিব পদ থেকে অবশেষে সরিয়ে দিল সরকার


ছবি : সংগৃহীত
বিভিন্ন আলোচনা, সমালোচনা ও বিতর্কের পর অবশেষে জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমানকে পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করেছে সরকার। এদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. রুহুল আমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে ড. মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা মোখলেস উর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে অস্থিরতা বাড়তে থাকে। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ, সচিব ও সংস্থা প্রধান নিয়োগে অস্বচ্ছতা এবং জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।










