ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নতুন নির্দেশনা ইসির


জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনার মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, নিয়োজিত আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন নির্ধারিত আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।
নির্বাচনী বিশৃঙ্খলা প্রতিরোধ ও দ্রুত পরিস্থিতি মোকাবিলায় এবার নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ। কোনো ভোটকেন্দ্রে সহিংসতা, অনিয়ম বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানানো যাবে, যা দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।
এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসি। দেশের মোট ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যাতে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
নির্বাচন কমিশন আশা করছে, মোবাইল ফোন ব্যবহারে এই নিয়ন্ত্রণ, নতুন অ্যাপ এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।










