আজ ভোররাতে বাংলাদেশে ভূমিকম্প, মাত্রা ৪.১


আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প : ছবি সংগৃহীত
মঙ্গলবার ভোররাতে বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ৩৬ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা শহরের উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুভূত হয়। ভোররাতে হওয়ায় অনেক মানুষ ঘুমের মধ্যেই হালকা কাঁপুনি অনুভব করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও ভারতের এই অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। ফলে এখানে মাঝেমধ্যে স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোথাও স্থাপনার ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার এবং ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার ভূমিকম্প দেশে অনুভূত হয়েছিল।
সাম্প্রতিক সময়ে একাধিকবার স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং ভবন নির্মাণে বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করছেন।









