বাংলাদেশে ঈদুল ফিতর কবে—চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ মার্চ, সম্ভাব্য তারিখ ২১ মার্চ

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১৭ মার্চ, ২০২৬ এ ৫:০৬ এএম
ঈদের চাঁদ দেখার অপেক্ষায় দেশবাসী, ১৯ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত। ছবি সংগৃহীত

ঈদের চাঁদ দেখার অপেক্ষায় দেশবাসী, ১৯ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত। ছবি সংগৃহীত

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে—তা জানতে দেশজুড়ে কৌতূহল তৈরি হয়েছে। এর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই ঈদের তারিখ ঘোষণা করা হবে।

জানা গেছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৮ মার্চ নতুন চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে ১৯ মার্চ ভোরে চাঁদের জন্ম হবে এবং সেদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ আকাশে দৃশ্যমান থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আকাশ পরিষ্কার থাকলে ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরদিনই ঈদ উদযাপিত হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর পালিত হতে পারে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসাবে বাংলাদেশে সম্ভাব্য ঈদের তারিখ ধরা হচ্ছে ২১ মার্চ শনিবার। জনপ্রশাসন মন্ত্রণালয়ও এই সম্ভাব্য তারিখ ধরে আগেই ছুটির ক্যালেন্ডার নির্ধারণ করেছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তাই ১৯ মার্চ সন্ধ্যার বৈঠকের ওপরই নির্ভর করছে দেশের মানুষের প্রতীক্ষিত এই ঘোষণাটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে, যা সম্ভাব্য ঈদের সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে ঈদ সামনে রেখে দেশের মানুষ ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।