২৩৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
৩১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৪৮ পিএম
২৩৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বড় নিয়োগ। ছবি: সংগৃহীত

২৩৪ পদে ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বড় নিয়োগ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ২৩৪টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। চলতি বছরের ১ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরবর্তীতে সংশোধন এনে পদসংখ্যা কমিয়ে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিটি ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রাথমিকভাবে আটটি ক্যাটাগরিতে মোট ২৬০টি শূন্য পদে নিয়োগের কথা থাকলেও দুটি ক্যাটাগরিতে পদসংখ্যা হ্রাস করা হয়েছে। সংশোধনের ফলে অফিসার (আইটি) এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি) সংশ্লিষ্ট একাধিক পদের মোট ২৬টি পদ কমানো হয়। এতে চূড়ান্তভাবে মোট পদসংখ্যা দাঁড়িয়েছে ২৩৪।

সংশোধিত তথ্য অনুযায়ী, অফিসার (আইটি) গ্রেড–১০ পদে আগে ৭০টি শূন্য পদ থাকলেও তা কমে হয়েছে ৬৪টি। এসব পদে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। একইভাবে গ্রেড–৯ পর্যায়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি) ও সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ প্রকৌশল পদে শূন্য পদ ৫৪ থেকে কমিয়ে ৩৪ করা হয়েছে, যেখানে একাধিক সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া অন্যান্য ক্যাটাগরির পদসংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে সিনিয়র অফিসার (আইটি) পদে ৭৯ জন, অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র প্রোগ্রামার পদে ৩৩ জন এবং সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদে ২১ জন নিয়োগ পাবেন। পাশাপাশি একটি করে অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদেও নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল গ্রেডভেদে ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বয়সসীমার ক্ষেত্রে ১ থেকে ৬ নম্বর পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। পূর্বে নিবন্ধিত প্রার্থীরা তাদের বিদ্যমান জীবনবৃত্তান্ত ব্যবহার করেই আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, তবে অনগ্রসর গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আবেদন গ্রহণের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ভালোভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।