Something went wrong

৮.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়া - সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩০ জুলাই, ২০২৫ এ ৩:১৬ এএম
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাশিয়ার কামচাটস্কি উপকূলের কাছে। এরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় সতর্কতা জারি করে।

কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে দেওয়া ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।”

সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো বলেন, “সুনামির আশঙ্কায় উপদ্বীপের দক্ষিণ অংশের ছোট শহরগুলোর বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।”

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগও জানায়, বিধ্বংসী ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয় এবং মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement