পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত অনেকে


করাচির সোলজার বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের করাচির সোলজার বাজার নম্বর–৩ এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪ শিশু এবং ২ নারী রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণটি ঘটেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে ভবনের প্রথম তলায়। বিস্ফোরণে ভবনের একটি অংশ ধসে পড়েছে, যা উদ্ধারকাজকে জটিল করে তুলেছে।
ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে সব ধরনের সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল ব্যবহার করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিস্ফোরণের কারণ হতে পারে গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাস।
উদ্ধারকর্মীরা আহত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছেন, এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে দুজন আটকে আছেন। ভবনের আশপাশের সরু রাস্তা এবং ধ্বংসস্তূপ উদ্ধারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের সহায়তা প্রদান করা হচ্ছে।










