যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে বিপর্যয়, ১৩ হাজার ফ্লাইট বাতিল


যুক্তরাষ্ট্রের তুষারঝড়ে ঢাকা রাস্তায় যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে এবং ফ্লাইট বাতিলের তৎপরতা চলছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত, বরফবৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জনগণকে কয়েকদিন ধরে তীব্র শীতে প্রস্তুত থাকতে সতর্ক করেছেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি বলেন, “তুষার এবং বরফ গলতে সময় লাগবে এবং ঝড় ধীর গতিতে চলছে; ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাধা আসতে পারে।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার অন্তত এক ডজন অঙ্গরাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। আরও কিছু অঙ্গরাজ্য এই তালিকায় যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (FEMA) ইতিমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, কর্মী এবং উদ্ধার দল পাঠিয়েছে। তিনি বলেন, “আমরা চাই সবাই সচেতন থাকুক এবং সম্ভব হলে ঘরেই থাকুক।”
দক্ষিণাঞ্চলের কিছু অঙ্গরাজ্যে বিদ্যুৎ পুনঃস্থাপন কাজ শুরু হলেও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শেষ মুহূর্তের সতর্কতা জারি করা হয়েছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বলেন, “এ ধরনের ঝড় বহু বছর ধরে দেখা যায়নি। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
PowerOutage.com-এর তথ্যানুযায়ী, শনিবার প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুত্বিহীন ছিলেন। এর মধ্যে টেক্সাস ও লুইসিয়ানায় প্রায় ৫ হাজার করে গ্রাহক বিদ্যুত্হীন ছিলেন। লুইসিয়ানা সীমান্তের কাছে টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে গাছ ও ডালপালা পড়ে বিদ্যুৎ লাইনে ক্ষতি হয়েছে, যার ফলে ১৬ হাজার বাসিন্দার প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎহীন হয়ে পড়েন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware জানিয়েছে, শনিবার ও রোববার মিলিয়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ওকলাহোমা সিটির উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টে শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়। রবিবারের সকালের ফ্লাইটও স্থগিত রাখা হয়েছে। তবে কর্মকর্তারা বিকেল থেকে বিমানবন্দর পরিষেবা পুনরায় শুরু করার পরিকল্পনা করছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত হলেও ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত প্রস্তুতি ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। জনগণকে ঘরে অবস্থান, সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।










