এপস্টেইন নথি কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত লর্ড পিটার ম্যান্ডেলসন

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:১৯ এএম
লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। ছবি: সংগৃহীত

লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন দলটির প্রভাবশালী নেতা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত যোগাযোগসংক্রান্ত নতুন তথ্য প্রকাশের প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

লেবার পার্টির বর্তমান নেতা কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলে ম্যান্ডেলসনের সদস্যপদ থাকা নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে এপস্টেইন–সংক্রান্ত নতুন নথি ও ইমেইল প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এসব তথ্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান নিয়ে চাপ বাড়ছিল।

এর আগে গত বছর এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিস্তারিত ইমেইল প্রকাশ পাওয়ার পর ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে লর্ড ম্যান্ডেলসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় যুক্তরাজ্য সরকার। সে সময় সরকার জানায়, উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়।

রোববার দেওয়া এক বিবৃতিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত যোগাযোগ নিয়ে যেন ভবিষ্যতে আর কোনো ‘বিব্রতকর পরিস্থিতি’ তৈরি না হয়, সে কারণেই তিনি লেবার পার্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন।

গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করে। কয়েক লাখ পৃষ্ঠার এসব নথি প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নতুন নথিগুলোতে ৭২ বছর বয়সী লর্ড ম্যান্ডেলসনের নাম উঠে আসায় বিষয়টি রাজনৈতিকভাবে আরও সংবেদনশীল হয়ে ওঠে।

বিশ্লেষকদের মতে, আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে লেবার পার্টি নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চাইছে। লর্ড ম্যান্ডেলসনের পদত্যাগের মাধ্যমে দলটি বিতর্ক এড়িয়ে সামনে এগোনোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।