মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বোমা হামলায় নিহত ২৭


মিয়ানমারের কাচিন রাজ্যে বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা ঘরবাড়ি ও বেসামরিকদের নিথর দেহ। ছবি সংগৃহীত
মিয়ানমারে একটি বিয়ের অনুষ্ঠান ও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। এসব হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও মানবাধিকার পর্যবেক্ষকরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং মানবাধিকার পর্যবেক্ষকদের বরাতে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইরাবতী। হামলাগুলো সংঘটিত হয় কাচিন ও মাগওয়ে অঞ্চলে, যেখানে বেসামরিক মানুষের ধর্মীয় ও সামাজিক আয়োজন চলছিল।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া মাহফিল চলাকালে জান্তা বাহিনীর যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। বিদ্রোহী সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানায়, এতে অন্তত ২২ জন নিহত এবং শিশুসহ আরও ২৮ জন আহত হন। গ্রামটি বাস্তুচ্যুত যুদ্ধাহত পরিবারদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত এবং ইরাবতী নদীর অপর পাড়ে ভামো শহরের কাছে অবস্থিত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের এক বৃদ্ধের মৃত্যুর পর পরদিন দোয়া মাহফিলের প্রস্তুতির জন্য একটি বাড়ির আঙিনায় মানুষ জড়ো হয়েছিল। সেই সময়ই আকাশপথে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘরের ভেতর ও আঙিনায় নারী-পুরুষের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
কেআইএর মুখপাত্র কর্নেল নও বু অভিযোগ করে বলেন, ওই গ্রামে কেআইএর কোনো ঘাঁটি বা সদস্য ছিল না। তার দাবি, ‘জান্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা শত্রু ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করে না।’
এর আগে একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের তাট কোনে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিকালে বিমান হামলা চালানো হয়। স্থানীয় পর্যবেক্ষক সংগঠন আউংলান ইনফরমেশন গ্রুপ জানায়, এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন।
এদিকে, গত মঙ্গলবার রাখাইন রাজ্যের কিয়াউকতাও ও পন্নাগিউন টাউনশিপ সীমান্ত এলাকায় আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও জান্তা বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় আটক ২১ জন জান্তা সেনা ও তাদের স্বজন নিহত এবং আরও ৩০ জন আহত হন বলে জানা গেছে।




