ভারতে নিপাহ ভাইরাস ছড়ানোয় পাকিস্তানে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৯ জানুয়ারী, ২০২৬ এ ৪:৩৩ এএম
নিপাহ ভাইরাস সংক্রমণ ঠেকাতে সীমান্তে যাত্রীদের স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম। ছবি সংগৃহীত

নিপাহ ভাইরাস সংক্রমণ ঠেকাতে সীমান্তে যাত্রীদের স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম। ছবি সংগৃহীত

ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে যাত্রীদের স্বাস্থ্য স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিপাহ ভাইরাস মূলত বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ কারণে ভারতে থেকে পাকিস্তানে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সন্দেহজনক উপসর্গের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, কোনো যাত্রীর মধ্যে নিপাহ ভাইরাসের সম্ভাব্য উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়ার নির্দেশ রয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলে জানানো হয়েছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে পাঁচজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে। সীমান্তবর্তী অঞ্চলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সতর্কতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, নিপাহ ভাইরাস শনাক্তের জন্য পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো অসুস্থতা বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।