ভারতে ‘ডাইনি’ অপবাদে মা-শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪


ঝাড়খণ্ডের কুদসাই গ্রামে ‘ডাইনি’ অপবাদ ঘিরে সহিংসতা। প্রতীকী সংগৃহীত ছবি
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ‘ডাইনি’ অপবাদে এক নারী ও তার ১০ মাস বয়সী শিশুকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কুদসাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের খুঁজে বের করতে অভিযান চলছে।
নিহত নারীর নাম জ্যোতি সিনকু। এ হামলায় তার স্বামী কোলহান সিনকুও গুরুতর দগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি গ্রামে কয়েকটি গবাদি পশুর আকস্মিক মৃত্যু এবং পুসতুন বিরুয়া নামে এক ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে। কুসংস্কারের জেরে কিছু গ্রামবাসী জ্যোতি সিনকুকে ‘ডাইনি’ আখ্যা দেয়।
মঙ্গলবার সন্ধ্যায় পুসতুন বিরুয়ার মৃত্যুর পর উত্তেজনা বাড়ে। অভিযোগ অনুযায়ী, একদল লোক জ্যোতির বাড়িতে ঢুকে হামলা চালায়। কোলহান সিনকুর দাবি, হামলাকারীরা তার স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে দেয়। তিনি বিষয়টি গ্রাম পঞ্চায়েতে মীমাংসার অনুরোধ করলেও কেউ কথা শোনেনি।
জেলা পুলিশ কোলহানের জবানবন্দির ভিত্তিতে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “আইনের আওতায় এনে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।” ঘটনার পেছনে কুসংস্কার ও গুজবের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের বিভিন্ন গ্রামীণ এলাকায় কুসংস্কারজনিত সহিংসতার ঘটনা অতীতেও ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব ও সামাজিক নিরাপত্তার দুর্বলতা এমন অপরাধকে উসকে দেয়। প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








