Something went wrong

পাহাড় ধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, নিহত ৭, নিখোঁজ ৮২

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৪ জানুয়ারী, ২০২৬ এ ৫:১৯ এএম
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় পাহাড় ধসের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় পাহাড় ধসের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিম জাভার পশ্চিম বান্দুং এলাকায় পাহাড়ি ঢালে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে, যেখানে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। এতে নিচের বসতবাড়ি চাপা পড়ে যায় এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ঘটনার পরপরই সেখানে বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করা হয়।

দুর্গম এলাকা, প্রতিকূল আবহাওয়া এবং পুরু কাদা ও মাটির স্তূপ উদ্ধারকাজকে জটিল করে তুলেছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালালেও পরিস্থিতি কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় এমন ভূমিধসের ঝুঁকি বাড়ে বলেও সতর্ক করেছে প্রশাসন।

সূত্র: রয়টার্স

 

Advertisement
Advertisement