ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ আইআরজিসির: পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে বলল ইরান


ট্রাম্পের বক্তব্যের জবাবে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়েছে আইআরজিসি। ছবি: সংগৃহীত
ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মনে করে ইরানের নৌবাহিনী আর কার্যকর নেই, তবে সাহস থাকলে তারা পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠিয়ে দেখাক।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেওয়া এক বিবৃতিতে জেনারেল নাইনি দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প দাবি করেছেন ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। যদি সেটাই সত্যি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের উচিত সাহস করে পারস্য উপসাগরে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে বাস্তবতা যাচাই করা। তার ভাষায়, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
আইআরজিসির মুখপাত্র চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, এই সময়ে ইরান ‘আমেরিকান ও জায়নিস্ট’ লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে এখন পর্যন্ত প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জেনারেল নাইনি আরও বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেনি। তবে যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং শত্রুপক্ষ আক্রমণ অব্যাহত রাখে, তাহলে আরও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।
তিনি সতর্ক করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের কৌশলগত লক্ষ্য পূরণ না হবে এবং প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে দমন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই হামলা ও প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।










