দুর্নীতি মামলায় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:১৭ এএম
ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। রোববার ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে।

নাবুর এক বিবৃতিতে বলা হয়েছে, সাবেক ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানিমন্ত্রী গালুশচেঙ্কোকে গোপনভাবে দেশত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন এবং আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-র একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়েছে, তিনি নিজের প্রভাব ব্যবহার করে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ও সমস্ত পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটম-এর ঠিকাদারদের কাছ থেকে যে কোনো কন্ট্রাক্টের বিনিময়ে ১০–১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

এসব অভিযোগের পর গত নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন গালুশচেঙ্কো। উল্লেখ্য, ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। গালুশচেঙ্কো তাদের মধ্যে অন্যতম।

বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : আল জাজিরা