দক্ষিণ আফ্রিকায় ট্রাক-স্কুলবাস সংঘর্ষে প্রাণ গেল ১৩ শিক্ষার্থীর


দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত স্কুলগামী মিনিবাস। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে স্কুলে যাওয়ার পথে একটি বেসরকারি মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন স্কুলশিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী প্রাণ হারায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুই শিশু মারা যায়। হতাহতরা সবাই বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
কর্তৃপক্ষ জানায়, সকাল প্রায় ৭টার দিকে শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসটি স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনার পরপরই গাউতেং জরুরি সেবা বিভাগ উদ্ধার অভিযান চালায়। এতে আহত পাঁচজনকে সেবোকেং হাসপাতালে ভর্তি করা হয়। আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়েছে। মিনিবাসটির চালকও আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। ট্রাকচালককে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংকে সম্ভাব্য কারণ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের পরিবার ও সংশ্লিষ্ট স্কুলগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করবে।
দেশজুড়ে শোকের ছায়া নেমে আসা এই দুর্ঘটনা স্কুলশিশু পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




