ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত শিশু শিক্ষার্থী বেড়ে ২৪


মিনাব শহরের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা। ছবিঃ সংগৃহীত
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ২৪ জন স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ প্রাণহানির ঘটনা ঘটে। প্রথমে পাঁচ শিশুর মৃত্যুর খবর মিললেও পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার সময় বিদ্যালয়ে শ্রেণিকক্ষ চলছিল। হঠাৎ ক্ষেপণাস্ত্র আঘাতে ভবনের একাংশ ধসে পড়ে। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। আহতদের দ্রুত মিনাব ও আশপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হরমুজগান প্রদেশের এক প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এটি একটি বেসামরিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।” তবে হামলার বিষয়ে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে বলে দাবি করেছে তেহরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে বলে রাষ্ট্রীয় সূত্র জানায়। ইতোমধ্যে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে। একটি হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সহিংসতা বন্ধে কূটনৈতিক তৎপরতার আহ্বান জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মিনাবের ওই বিদ্যালয় এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।










