ইরানজুড়ে ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ ধ্বংসের দাবি ট্রাম্পের, আলোচনার ও ইঙ্গিত

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩০ মার্চ, ২০২৬ এ ৪:২২ এএম
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ট্রাম্পের নতুন দাবি ও কূটনৈতিক ইঙ্গিত । ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ট্রাম্পের নতুন দাবি ও কূটনৈতিক ইঙ্গিত । ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একইসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা চালানোর বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প তার পোস্টে বলেন, “আজ ইরানে একটি বড় দিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমাদের সামরিক বাহিনী দীর্ঘদিনের পরিকল্পিত লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে সম্পূর্ণ ধ্বংস করেছে।” তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতার কথাও জানান ট্রাম্প। এর আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি এবং পরোক্ষভাবে আলোচনা চলছে। তিনি এই আলোচনাকে “অত্যন্ত ইতিবাচক” হিসেবে উল্লেখ করেন এবং একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন, যদিও শেষ মুহূর্তে সমঝোতা ভেস্তে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা তার এ বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন এবং বাস্তবতার সঙ্গে এর মিল রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন।

অন্যদিকে ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল খাত নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছার কথা জানান। প্রয়োজনে দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা সমান্তরালভাবে এগোচ্ছে। তবে ট্রাম্পের এসব দাবি ও পরিকল্পনা বাস্তবায়ন হলে তা বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।