ইউক্রেনের দাবি: রাশিয়ার হয়ে লড়ছে ১,৭৮০ জনের বেশি আফ্রিকান সেনা


ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আফ্রিকার বিভিন্ন দেশের ১ হাজার ৭৮০ জনেরও বেশি নাগরিক রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে । ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে ১ হাজার ৭৮০ জনেরও বেশি আফ্রিকান নাগরিক লড়াই করছেন বলে দাবি করেছে ইউক্রেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন প্রতারণামূলক কৌশলের মাধ্যমে আফ্রিকার নাগরিকদের এই যুদ্ধে যুক্ত করছে রাশিয়া। তার দাবি, আফ্রিকা মহাদেশের ৩৬টি দেশ থেকে এসব নাগরিককে নেওয়া হয়েছে এবং চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে রাশিয়ায় আনা হয়। পরে তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকাওয়া সাইবিহার বক্তব্যের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, রুশ বাহিনীতে যেসব আফ্রিকান নাগরিক লড়ছেন, তাদের অধিকাংশেরই পূর্ব সামরিক অভিজ্ঞতা নেই। ডার্ক ওয়েব ও অন্যান্য মাধ্যমে সাধারণ চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হয়েছে এবং পরে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন এ বিষয়ে নজরদারি জোরদার করবে, যাতে আফ্রিকার তরুণরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে না পড়েন।
রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : রয়টার্স









