২৪ ঘণ্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৮ মার্চ, ২০২৬ এ ৫:১৯ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এই দাবি করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি–এর ওয়েবসাইট পার্সটুডে এ তথ্য প্রকাশ করেছে।

ইরানি ওই মুখপাত্রের দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর ধ্বংসাত্মক হামলা অব্যাহত রয়েছে। গত একদিনে এসব অভিযানে মার্কিন সেনাবাহিনীর বহু সদস্য ও কমান্ডার হতাহত হয়েছেন এবং সামরিক অবকাঠামো ও সম্পদেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তার বক্তব্যে বলা হয়, মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-জাফরা মার্কিন ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন হতাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। ওই ঘটনাতেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশটি দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান তীব্রতার যুদ্ধ অন্তত ছয় মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।