১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:২৯ এএম
ওমরাহ ব্যবস্থাপনায় মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ওমরাহ ব্যবস্থাপনায় মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ওমরাহ সেবা পরিচালনায় মান বজায় না রাখার অভিযোগে ১ হাজার ৮০০টি বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম ও সেবার গুণগত মানে ঘাটতি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট বিদেশি এজেন্সিগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের অংশ হিসেবেই চুক্তি স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ওমরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও মান উন্নয়ন নিশ্চিত করা হবে বলে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্যায়ক্রমিক মূল্যায়নে এসব ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা, সেবা প্রদান ও ব্যবস্থাপনায় দুর্বলতা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি একটি নিয়ন্ত্রণমূলক ও সংশোধনমূলক উদ্যোগ, যার লক্ষ্য অনুমোদিত নীতিমালা ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করা। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর চুক্তি পুনরায় কার্যকর করা হবে।

মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, এই সিদ্ধান্তের ফলে ভিসা কার্যক্রম কিংবা ইতোমধ্যে বুকিং করা ওমরাহ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না। যাত্রীসেবা যেন নির্বিঘ্ন থাকে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

এর আগে পরিচালিত এক মূল্যায়নে জানা যায়, বিশ্বব্যাপী নিবন্ধিত প্রায় ৫ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির মধ্যে অন্তত ১ হাজার ৮০০টির কার্যক্ষমতা ও সেবার মানে ঘাটতি পাওয়া গেছে। এ প্রেক্ষাপটেই সৌদি কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নেয়।