রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন বিশ্বরেকর্ড


শনিবার (২১ ফেব্রুয়ারি) রমজানে একদিনেই মোট ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি হারামাইন কর্তৃপক্ষ নিরাপত্তা ও জনসমাগম নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। ছবি সংগৃহীত
পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে সৌদি আরব। হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) একদিনে মোট ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ করেছেন। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী এটি ১৪৪৭ হিজরির রমজানের চতুর্থ দিন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের ৭ মার্চ একদিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ করেছিলেন। রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাবা শরিফের চারপাশের মাতাফ এলাকা সারা দিন ওমরাহ পালনকারীদের জন্য খোলা রাখা হয়েছে। এছাড়া শুক্রবার এবং রমজানের শেষ দশকের রাতের তাহাজ্জুদের সময় মুসল্লিদের জন্য নির্ধারিত খোলা প্রাঙ্গণ ও নির্দিষ্ট নামাজের স্থান ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
মসজিদের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত সাইনেজ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। হাঁটার পথ, খোলা প্রাঙ্গণ ও সড়কে অননুমোদিত জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মসজিদ সংলগ্ন এলাকায় ভিড় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। মোটরসাইকেল ও সাইকেল চলাচল নিষিদ্ধ এবং পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং মোট ১৪টি পার্কিং এলাকা থেকে পাবলিক বাস সার্ভিস পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে যারা মসজিদুল হারাম বা বাইরের প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও সুসজ্জিত নামাজ হলগুলোতে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে মুসল্লিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সুশৃঙ্খলভাবে ইবাদত নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।










