যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ


যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডা, তুষারপাত ও বরফঝড়ে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে দেশজুড়ে প্রায় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) একদিনেই ১৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে ‘জীবননাশের ঝুঁকিপূর্ণ’ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত দুইজন এবং টেক্সাসে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যে জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে টেনেসি অঙ্গরাজ্যে তিন লাখ ৩০ হাজারের বেশি, মিসিসিপিতে এক লাখ ৬০ হাজার এবং লুইজিয়ানা ও টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। মধ্য-আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় ৭৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন। বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে।
নিউইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, এটি গত আট বছরের মধ্যে সবচেয়ে শীতল সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার শহরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।
ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষার ঝড়ের কারণে শার্লট শহরে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ফ্লোরিডা, দক্ষিণ-পূর্ব আলাবামা ও দক্ষিণ-পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন ঝড়ের প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।









