মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তা দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১১ মার্চ, ২০২৬ এ ৩:৩৫ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওবার্তায় তিনি ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন। নেতানিয়াহু জানান, যুদ্ধ পরিচালনার জন্য ইসরাইলের বিপুল অর্থের প্রয়োজন হবে এবং সে জন্য সরকার বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা করার পরিকল্পনা করছে।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, “কোনো প্রশ্ন নেই, আমাদের এই যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু একটি বড় বাস্তবতা হলো—যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ লাগে।” তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইলকে দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ অপরিহার্য।

নেতানিয়াহু জানান, এই যুদ্ধ মোকাবিলায় প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ প্রয়োজন হবে। তার ভাষায়, “এই যুদ্ধ পরিচালনার জন্য আমাদের বিশেষ বাজেট দরকার। প্রতিরক্ষা বাজেট বাড়াতে কয়েক বিলিয়ন শেকেল প্রয়োজন হবে।”

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গত ১০ দিনে ইসরাইলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ আহত হয়েছেন। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলায় আহত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৩৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর এই ভিডিওবার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পাশাপাশি ইসরাইলের অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও বড় প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: টাইমস অব ইসরাইল