Something went wrong

চীনে হিউম্যানয়েড রোবট শিখছে কুংফু, রোবটিক্সে অভাবনীয় সাফল্য

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:১৬ এএম
চীনের লিংক্সি এক্স২ হিউম্যানয়েড রোবট শাওলিন মন্দিরে কুংফু অনুশীলন করছে। ছবিঃ সংগৃহীত

চীনের লিংক্সি এক্স২ হিউম্যানয়েড রোবট শাওলিন মন্দিরে কুংফু অনুশীলন করছে। ছবিঃ সংগৃহীত

চীনের রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যা কেবল মানুষের মতো দেখতে নয়, বরং মার্শাল আর্ট বা কুংফু অনুশীলনেও পারদর্শী। চীনের ঐতিহ্যবাহী শাওলিন মন্দিরে এই রোবটগুলোর কুংফু চর্চার ভিডিও ইতোমধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

ফেব্রুয়ারি মাসের প্রথম দশ দিনে ‘এআইজিআই বট’ (Aigi Bot) নামক কোম্পানির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল রোবট নিখুঁত সমন্বয় এবং গতিশীলতায় কুংফু চর্চা করছে। রোবটগুলোর ভারসাম্য, চতুরতা এবং শরীরের গতিশীলতা দেখে বোঝাই মুশকিল এগুলো যান্ত্রিক বস্তু। মানুষকে যেন এগুলো অনুকরণ করছে।

এই হিউম্যানয়েড রোবটগুলোর নাম দেওয়া হয়েছে ‘লিংক্সি এক্স২’ (Lingxi X2)। প্রতিষ্ঠান জানিয়েছে, রোবটগুলো অত্যাধুনিক এআই মডেল ‘গো টু ১’ (Go To 1) দ্বারা পরিচালিত। এর মাধ্যমে রোবটগুলো কেবল নির্দিষ্ট মুভমেন্টই নয়, নিজেদের শেখার ক্ষমতা, পরিকল্পনা করার ক্ষমতা এবং জটিল কাজ সম্পাদনের দক্ষতাও অর্জন করেছে।

চীনের রোবটিক্সে এমন পারদর্শিতা নতুন নয়। ২০২৫ সালের মার্চে সাংহাই-ভিত্তিক একটি প্রতিষ্ঠান মানুষের মতো সাইকেল চালাতে সক্ষম রোবট প্রদর্শন করেছিল। সেই বছরের মে মাসে তারা রোবটের জিমন্যাস্টিকস বা শরীরচর্চার ভিডিও প্রকাশ করে সারা বিশ্বকে মুগ্ধ করেছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই হিউম্যানয়েড রোবটগুলো কেবল বিনোদন বা প্রদর্শনীর জন্য নয়, বরং ভবিষ্যতে উদ্ধারকাজ, জটিল শিল্প উৎপাদন এবং বিভিন্ন প্রফেশনাল কাজে বিপ্লব আনতে সক্ষম হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুংফু রোবটের এই ভিডিও এখন ভাইরাল, যা চীনের প্রযুক্তিগত উৎকর্ষের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনের রোবটিক্সে ধারাবাহিক সাফল্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি বিশ্বকে দেখাচ্ছে, মানুষ ও মেশিনের সমন্বয়ে ভবিষ্যতের প্রযুক্তি কেমন হতে পারে তার এক ঝলক।

Advertisement