Something went wrong

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ৪:০০ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে গঠিত যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, প্রেসিডেন্ট পুতিনকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।”

এর আগে একই দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুতিনকে এই উদ্যোগে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

পেসকভ বলেন, “আমরা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছি। প্রস্তাবটির সব দিক পর্যালোচনা করা হচ্ছে এবং বিষয়টির সূক্ষ্ম দিকগুলো পরিষ্কার করতে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।”

গত শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হোয়াইট হাউস জানায়, বোর্ডটির দায়িত্বের মধ্যে থাকবে গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকি, কৌশলগত প্রশাসনিক নজরদারি, আন্তর্জাতিক তহবিল সংগ্রহ এবং সংঘাত-পরবর্তী সময়ে অঞ্চলটিকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।

এদিকে গাজা সংঘাত অবসানের পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) গঠন করেছে। এই কমিটির পাশাপাশি একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে, যা মাঠপর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।

বিশ্লেষকদের মতে, পুতিনকে ‘বোর্ড অব পিস’-এ আমন্ত্রণ জানানো হলে গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত হতে পারে। তবে রাশিয়া এই প্রস্তাবে সাড়া দেয় কি না, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

Advertisement
Advertisement