Something went wrong

ইসরাইল সফরে ভারতের অবস্থান স্পষ্ট করলেন মোদি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৩৮ এএম
নেসেটে ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

নেসেটে ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ইসরাইল সফরের প্রথম দিনে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া এ ভাষণে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে ‘বর্বর’ বলে উল্লেখ করেন এবং বলেন, কোনো লক্ষ্য বা আদর্শই নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যাকে ন্যায্যতা দিতে পারে না। একই সঙ্গে তিনি গাজায় শান্তি উদ্যোগের প্রতি ভারতের সমর্থনের কথাও তুলে ধরেন।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরাইলে পৌঁছালে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ভারতকে ‘ভরসার প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং মোদিকে ‘বন্ধুর চেয়েও বেশি, একজন ভাই’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, দুই দেশের সাধারণ স্বার্থ ও মূল্যবোধ সম্পর্ককে আরও গভীর করেছে।

গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা থাকলেও মোদি তার বক্তব্যে ইসরাইলের সঙ্গে ভারতের অংশীদারিত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে গত নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগের প্রতি ভারতের জোরালো সমর্থনের কথাও জানান। তার মতে, টেকসই ও ন্যায়ভিত্তিক শান্তির জন্য কূটনৈতিক সমাধান অপরিহার্য।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম প্রযুক্তির মতো আধুনিক খাতে অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার করেন মোদি। তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত ইসরাইল থেকে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির পর অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।

তবে সফরটি নিয়ে ভারতের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলোর কয়েকজন নেতা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্ন তুলে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন। ইসরাইলের দৈনিক হার্টজ পত্রিকার সাংবাদিক গিডন লেভি আল জাজিরাকে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি দুই দেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কেরই প্রতিফলন।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরাইলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। সূত্র: Al Jazeera।

Advertisement