সিবিআই তদন্তে হাজিরা দিতে হবে থালাপতি বিজয়কে


ভারতের দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) তলব করেছে। তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-র সমাবেশে পদপিষ্টের ঘটনায় তদন্তে অংশ নিতে আগামী সোমবার (১২ জানুয়ারি) তাকে হাজিরা দিতে হবে।
ভারতের তামিলনাড়ুর কারুরে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত টিভিকে-র প্রথম বড় সমাবেশে বিপুল জনস্রোতের চাপের কারণে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। সমাবেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে তৎকালীন সময় থেকেই প্রশ্ন উঠেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভারতের সুপ্রিম কোর্ট এই মামলার তদন্ত সিবিআই-র হাতে অর্পণ করে। তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যেখানে দুই জন দক্ষ আইপিএস অফিসার রয়েছেন।
সিবিআই প্রধানত খতিয়ে দেখবে, ওই দিন আয়োজনে কোন কোন ত্রুটি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায়িত্ব কতটুকু। রাজনৈতিক ময়দানে পা রাখার প্রথম পর্যায়ে এমন আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
আগামী সোমবার তাকে সিবিআই-র অফিসে হাজিরা দিয়ে ঘটনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। এই তদন্তের ফলাফল ভবিষ্যতে তার রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের ওপর প্রভাব ফেলতে পারে।










