সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট, ফের আলোচনায় হানিয়া-আসিম

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ৪:১৯ এএম
কাওয়ালি সন্ধ্যায় একসঙ্গে হানিয়া আমির ও আসিম আজহার—ফের উসকে উঠেছে সম্পর্কের গুঞ্জন। ছবি: সংগৃহীত

কাওয়ালি সন্ধ্যায় একসঙ্গে হানিয়া আমির ও আসিম আজহার—ফের উসকে উঠেছে সম্পর্কের গুঞ্জন। ছবি: সংগৃহীত

বিচ্ছেদ ও দীর্ঘ সময়ের দূরত্বের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পাকিস্তানি শোবিজের জনপ্রিয় তারকা হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার। সম্প্রতি আসিম আজহারের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি সন্ধ্যায় হানিয়ার উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে তাদের পুরনো সম্পর্কের গুঞ্জন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হানিয়া আমিরই ছিলেন সবচেয়ে আলোচিত। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই রাতের কয়েকটি মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, “আসল পর্বেও যেন ঠিক এভাবেই আনন্দ করা যায়।” এই রহস্যময় ক্যাপশন ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন করে জল্পনা।

ওই অনুষ্ঠানে হানিয়ার সাজও ছিল নজরকাড়া। কালো রঙের কারুকাজ করা শাড়ি, পিঠখোলা ব্লাউজ, চুলে লাল গোলাপের বিনুনি ও হাতে ভারী স্বর্ণের কাঁকনে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, হানিয়া আমির ও আসিম আজহার একসময় দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। পরে তাদের বিচ্ছেদ এবং আসিম আজহারের সঙ্গে মডেল মীরব আলীর বাগদানের খবরে সেই সম্পর্কের ইতি ঘটেছে বলেই ধারণা করা হয়েছিল। তবে সম্প্রতি মীরব আলীর সঙ্গে আসিমের বাগদান ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই হানিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের ধারণা, খুব শিগগিরই হয়তো তারা কোনো বড় ঘোষণা দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

পেশাগত জীবনেও দুজনই ব্যস্ত সময় পার করছেন। হানিয়া আমির বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামাইত লো’–এর কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে আসিম আজহার গত নভেম্বরে প্রকাশ করেছেন তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম ‘আসিম আলী’।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের এই নতুন সমীকরণ আবারও আলোচনার শীর্ষে তুলেছে হানিয়া–আসিম জুটিকে। ভক্তরা এখন অপেক্ষায়—এই গুঞ্জন কি সত্যিতে রূপ নেবে, নাকি থেকে যাবে আলোচনার মধ্যেই।