‘লেডি গ্যাংস্টার’ চরিত্রে তানজিন তিশা, ঈদে আসছে নাটক ‘গোলাপী’

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৯ মার্চ, ২০২৬ এ ৪:২২ এএম
অ্যাকশন থ্রিলার নাটক ‘গোলাপী’-তে লেডি গ্যাংস্টার চরিত্রে অভিনেত্রী তানজিন তিশা। ছবি সংগৃহীত

অ্যাকশন থ্রিলার নাটক ‘গোলাপী’-তে লেডি গ্যাংস্টার চরিত্রে অভিনেত্রী তানজিন তিশা। ছবি সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির হচ্ছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার নতুন নাটক ‘গোলাপী’-তে তাকে দেখা যাবে ‘লেডি গ্যাংস্টার’ চরিত্রে। নির্মাতা রুবেল হাসান পরিচালিত এই নাটকটি আসন্ন রোজার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নির্মাতারা জানিয়েছেন, নাটকের গল্পে নগর জীবনের অন্ধকার বাস্তবতা এবং অপরাধজগতের নানা দিক তুলে ধরা হয়েছে।

পরিচালক রুবেল হাসান জানান, ‘গোলাপী’ নাটকের গল্পে বস্তির জীবনযাপন, পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি ফুটে উঠেছে। পাশাপাশি এতে রয়েছে পুলিশি অভিযান, নাটকীয় মোড় এবং একটি রোমান্টিক আবহ, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে।

এই নাটকে ‘গোলাপী’ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান নির্মাতা। তার মতে, “এই চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্য কঠিন। তবে তানজিন তিশা অত্যন্ত দক্ষতার সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন।” তিনি আশা প্রকাশ করেন, অ্যাকশন থ্রিলার হলেও নাটকটি দর্শকদের জন্য পূর্ণ বিনোদন নিয়ে আসবে।

নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘গোলাপী’ নাটকটি নির্মাণে সিনেমাটিক ধাঁচ অনুসরণ করা হয়েছে। দর্শকরা এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের মতো অভিজ্ঞতা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ভিন্নধর্মী চরিত্রে তানজিন তিশাকে দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা।