যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূরের আনন্দমুখর সময়


যুক্তরাষ্ট্রে সহকর্মী চার নায়কের সঙ্গে ঢালিউড অভিনেত্রী শাবনূরের আনন্দমুখর মুহূর্ত। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়াপ্রবাসী ঢালিউড অভিনেত্রী শাবনূর প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আরও কয়েক দিন সেখানে থাকবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এলেও মাত্র আট ঘণ্টা অবস্থান করে অসুস্থ মাকে নিয়ে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান অভিনেত্রী।
তখন শাবনূর জানিয়েছিলেন, বছরের শেষ দিকে ঢাকায় ফিরবেন। তবে সে পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। ঢাকায় না ফিরে গন্তব্য বদলে যুক্তরাষ্ট্রে যান তিনি। এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার ছেলে আইজান নেহানের। ছেলের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশীয় চলচ্চিত্রের একাধিক পরিচিত মুখের সঙ্গে দেখা হয় শাবনূরের। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে প্রিয়দর্শনী মৌসুমী, অভিনেতা অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, ইমন ও আলেকজান্ডার বো প্রমুখের সঙ্গে সময় কাটান তিনি। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে সহকর্মীদের সঙ্গে আনন্দমুখর মুহূর্ত উপভোগ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এ সময় অভিনেতা জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’ মুহূর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মন্তব্যে ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই লেখেন, শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও তার সৌন্দর্য ও সৌম্যতা একই রকম রয়ে গেছে। কেউ কেউ মন্তব্য করেন, শাবনূর বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্যের প্রতীক, তাকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে।
দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে সহকর্মীদের সঙ্গে শাবনূরের উপস্থিতি আবারও প্রমাণ করল—সময়ের ব্যবধানে পর্দা থেকে দূরে থাকলেও দর্শকের হৃদয়ে তার আবেদন আজও অটুট।










