যার সঙ্গে বের হই, তাকে নিয়েই আলোচনা শুরু হয় : মালাইকা


মালাইকা অরোরা সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ছবি: সংগৃহীত
ভারতের গণমাধ্যমে দীর্ঘদিন ধরেই খবর ছড়িয়ে পড়ছে যে ৩৩ বছর বয়সী হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন মালাইকা। তবে তিনি জানিয়েছেন, তাকে যে পুরুষ সঙ্গীর সঙ্গেই দেখা হোক না কেন, সবাই তার নাম নিয়ে নানা মন্তব্য করে। মালাইকার ভাষায়, “হোক তিনি বিবাহিত বা আমার বন্ধু, তাকে নিয়ে কথা শুরু হয়ে যায়।”
এছাড়া অনুষ্ঠানে মালাইকা সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন। তার আগে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ছিল তার। সেই সম্পর্কের শেষ হওয়ার পর ২০১৮ সালে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম শুরু করেন তিনি। নিজের ৪৫তম জন্মদিনে মালাইকা আনুষ্ঠানিকভাবে প্রেমের বিষয়টি প্রকাশ করেন। তবে সম্পর্কটি ২০২৪ সালে শেষ হয় এবং দুজনেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিচ্ছেদের পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করলেও মালাইকা বলেন, সম্পর্ক শেষ হলেও তিনি জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। বর্তমানে তার প্রেম জীবন নিয়ে নতুন জল্পনা শুরু হলেও মালাইকা বলেন, “অনেক কথাই শোনা যায়। নতুন নাম শুনে আমার মাও প্রশ্ন করেন, নতুন ব্যক্তি কে? আমরা এগুলো নিয়ে হাসি করি, আবার বিরক্তও হই।”
দীর্ঘ বলিউড ক্যারিয়ারে মালাইকা বিভিন্ন শো, রিয়েলিটি প্রোগ্রাম, বিচারক এবং মডেলিংয়ে কাজ করেছেন। তবে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের মাধ্যমে। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’ এবং ‘পান্ডে জি সিটি’-র মতো গানগুলো তার জনপ্রিয়তা অনেক বাড়িয়েছে।
মালাইকার নাচ ও অভিনয় ক্ষমতা এবং ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-উত্তেজনা তাকে বলিউডের আলোচিত অভিনেত্রী হিসেবে ধরে রেখেছে।




